ফুলছড়িতে কষ্টিপাথর ব্যবসায়ী খুন, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মোহাম্মদ আলী (৬৫) নামে এক কষ্টিপাথর ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ঐ গ্রামের বাসিন্দা। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানায়নি। 

নিহতের স্ত্রী মর্জিনা বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার স্বামী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সঙ্গে তিনিও (স্ত্রী) ছিলেন। রাত ১২টার দিকে তিন যুবক ঘরে ঢোকে। প্রথমে কষ্টি পাথরের ব্যবসা নিয়ে তারা তার স্বামীর সঙ্গে আলোচনা করে। ঘণ্টাখানেক আলোচনার পর মোহাম্মদ আলীর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তার মুখে ও পেটে ছুরিকাঘাত করে। এ সময় মর্জিনা বেগম বাধা দিলে তারা মুখ চেপে ধরে তাকে মারধর করে। মর্জিনা বেগম তার স্বামী হত্যার বিচার চেয়েছেন।

ফুলছড়ি থানার ওসি মো. কাওছার আলী জানান, বাড়ির লোকজন রাত দেড়টার দিকে মোহাম্মদ আলী ও তার স্ত্রীর চিত্কার শুনতে পান। কিন্তু সবার ঘরের দরজার বাইরে থেকে বন্ধ করে রাখায় কেউ ঘর থেকে বের হতে পারেননি। এই সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন মোহাম্মদ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঐ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় ফেরার সময় রাত চারটার দিকে উপজেলার কালির বাজার এলাকায় তিন জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাদের আটক করা হয় এবং আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে একটি ছুরি জব্দ করা হয়।

ওসি বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগিগরই এই হত্যারহস্য উদ্ঘাটন হবে।