ফরিদপুর প্রতিনিধি ও সদরপুর সংবাদদাতা
ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে আট দিনব্যাপী বাত্সরিক উরস শরিফ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল জাকের মঞ্জিলের মাদ্রাসা ভবনের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এস শহিদুল ইসলাম শাহীন জানান, এ বছর কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে দেশের সব অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য এক দিন করে আট দিনে উরস শরীফ উদ্যাপন হবে। প্রত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা ও বৃহত্ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা বিশ্ব মানবতার সুখ-শান্তি ও সাফল্য কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।