লরেন্স সুব্রত হাওলাদার চট্টগ্রামের মেট্রোপলিটন আর্চবিশপ নিযুক্ত

চট্টগ্রাম অফিস

বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিকে চট্টগ্রামের মেট্রোপলিটন আর্চবিশপ হিসেবে নিয়োগ দান করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি চট্টগ্রামের ষষ্ঠ বিশপ ও দ্বিতীয় আর্চবিশপ হিসেবে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। গতকাল শুক্রবার চট্টগ্রামের পবিত্র জপমালা রাণী ক্যাথিড্রাল চার্চে উপস্থিত থেকে ধর্মীয় উপাসনা খ্রিষ্টযাগের মাধ্যমে পোপের ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত পোপ ফ্রান্সিসের প্রতিনিধি এবং ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী। এ সময় খ্রিষ্টযাগে প্রধান পৌরহিত্যকালে আর্চবিশপ জর্জ কোচেরীকে সহযোগিতা করেন চট্টগ্রাম আর্চডাইয়োসিসের প্রশাসক ফাদার লেনার্ড সি রিবেরু ও ফাদার সমর দাঙ্গো ওএমআই।

২০২০ সালের ১৩ জুলাই আর্চবিশপ মজেস এম কস্তা সিএসসির মৃত্যুর পর থেকে চট্টগ্রামের আর্চবিশপ পদটি শূন্য ছিল। মনোনীত আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বর্তমানে বরিশাল কাথলিক ডাইয়োসিসের বিশপ হিসেবে আছেন। তিনি ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর বরিশালের নবগ্রামে জন্মগ্রহণ করেন।