তিন দফা না মানায় ববি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

পূর্বঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ৪৮ ঘণ্টা পর ফের গতকাল শুক্রবার বিকাল ৫টা থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকালে বিক্ষোভ মিছিল শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে ছুটির দিনে ভোলা-পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা পড়েন চরম বিপাকে। বিকালে এ অবরোধ শুরু হলে অনেকেই পরিবারপরিজন নিয়ে যানবাহন থেকে নেমে হেটেই রওনা দেন। এতে শিশু ও বৃদ্ধদের পোহাতে হয় দুর্ভোগ। এ সময় বুধবারের আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা একটি বাসে অগ্নিসংযোগ করায় দুই প্রান্তের আটকে পড়া যানবাহন চালকরাও ছিলেন আতঙ্কের মধ্যে।          গতকাল সন্ধ্যায় মশাল মিছিলসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন গত মঙ্গলবার মধ্য রাতে তাদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ রহস্যজনক কারণে কাউকে আটক করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা প্রদান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়। যা শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করে।

এদিকে গতকাল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ এবং মশাল মিছিলের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনার পর শিক্ষার্থীদের বুঝিয়ে রাত পৌনে ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করানো হয় বলে জানান প্রক্টর ড. সুব্রত কুমার দাস। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা প্রশাসনকে আরো সময় দিয়েছে। আজ সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো হামলকারী গ্রেফতার না হলে ফের সড়ক অবরোধ করার কথা বলেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বাসে অগ্নিসংযোগ করে দোষীদের আইনের আওতায় আনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা দায়ের ও অনাবাসিক সব শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে ভূমিকার দাবি জানায়। উল্লিখিত তিন দফা পূরণে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে ই-মেইলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে একদল হামলাকারী কর্তৃক বর্বোরচিত হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।