রাজধানীতে স্কুল ও কারাতকলে আগুন

খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজের স্টোর রুম ও উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র, চট, কার্পেট ও অন্যান্য মালামালসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ দুইটি অগ্নিকাণ্ডের মধ্যে গতকাল শুক্রবার সকালে খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজের স্টোর রুম ও গত বৃহস্পতাির দিবাগত রাতে উত্তর বাড্ডা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার ছাদে একটি স্টোর রুম রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, অগ্নিকাণ্ডের কারণে ঐ স্টোর রুমের কার্পেট, চটসহ অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদগাহ মাঠের কাজে ব্যবহূত কার্পেট, চট ইত্যাদি মালামাল স্টোরে সংরক্ষিত ছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে, এ ঘটনায় কেউ হতাহতও হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তত্পরতার কারণে স্কুলের গুরুত্বপূর্ণ মালামাল আগুনে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় একটি স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ও তেজগাঁও থেকে মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি লিডার মোহাম্মদ জানান, উত্তর বাড্ডা সাঁতারকুল জিএম বাড়ি রোড এলাকায় একটি স-মিলে এ আগুন লাগে। সেখানে চারটি ইউনিট কাজ করে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।