আমেরিকার প্রত্যাবর্তন ঘটেছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি যে কথা বলি তা রক্ষা করার চেষ্টা করি। আমি নির্বাচনের আগে বলেছিলাম আমেরিকা আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। আমি এখন বলতে সাহস পাচ্ছি সব ধাক্কা সামলে আমেরিকা আবার প্রত্যাবর্তন করেছে। জি সেভেন সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে বাইডেন গতকাল একথা বলেন।

পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের মতো তিনি রাশিয়ার বিষয়ে চুপ করে না থেকে মস্কোর কঠোর সমালোচনা করেন। বাইডেন বলেন, সাইবারস্পেস সহ অসংখ্য খাতে রাশিয়া অস্থিতিশীল পরিবেশ তৈরী করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাইডেন আরো বলেন, বিশ্ব বর্তমানে ভীষণ কঠিন সময় পার করছে।  কোভিড পরিস্থিতিতে প্রতিটি দেশ বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে। যুক্তরাষ্ট্রকেও কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তবে আশার কথা, আমরা আবার সঠিক ট্র্যাকে ফিরে আসছি ধীরে ধীরে। যুক্তরাষ্ট্র যেমন বিশ্বকে নেতৃত্ব দিয়ে এসেছে এতদিন, আবারো নেতৃত্ব দিয়ে শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মানে আমরা প্রস্তুত। হোয়াইট হাউস থেকে দেয়া তার ভাষণ গোটা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচারিত হয়।

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের নাম না করেই বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গত কয়েকটা বছর বেশ খারাপ সময় পার করেছে। সঠিক নেতৃত্বের অভাবে কখানে কখনো বেশ ধাক্কা খেয়েছে। কিন্তু সেই দিন অতীত হয়েছে। বাইডেন বলেন, কেবল ইউরোপ নয়, গোটা বিশ্বের সব দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রে সুসম্পর্ক তৈরী হবে। জি সেভেন ভূক্ত দেশগুলো শিগগিরই করোনার ধাক্কা সামলে আবার শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু

চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ কথা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের দিনেই প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে আবারো যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেন। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির পক্ষ হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক নজিরবিহীন বৈশ্বিক পদক্ষেপ হলো প্যারিস জলবায়ু চুক্তি। আমরা এটি জানি, কারণ এই চুক্তি সম্পাদন করতে আমরাই সহায়তা করেছিলাম। প্রসঙ্গত, ২০১৬ সালে এই চুক্তি সই হয়। এখন পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ এই চুক্তি অনুসমর্থন করেছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। গত বছরের ৪ নভেম্বর, নির্বাচনের ঠিক একদিন পর শর্ত অনুযায়ী চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন প্রেসিডেন্ট বাইডেন এই চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দেন। তার উদ্যোগেই ১০৭ দিনের মাথায় আবারো চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।