উইঘুর গণহত্যা: চীন থেকে অলিম্পিক সরানোর দাবি 

লাখ লাখ উইঘুর মুসলিমদের বন্দি করে নির্যাতনের অভিযোগ চীনের বিরুদ্ধে। এনিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ সোচ্চার। এরই মধ্যে চীনের বিরুদ্ধে উইঘুর গণহত্যার অভিযোগ তুলে কানাডার প্রধান বিরোধী দল ২০২২ সালের শীতকালীন অলিম্পিক চীন থেকে সরানোর দাবি জানিয়েছে। 

এনিয়ে কানাডার বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও'টুল সিবিসি নিউজকে বলেছেন, চীনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কানাডার উচিৎ হবে না সেখানে ক্রীড়াবিদের পাঠানো। কেননা দেশটি শিনজিয়াং প্রদেশে উইঘুর গণহত্যার অভিযোগে অভিযুক্ত। 

এছাড়া কানাডার এই নেতা হংকং এবং চীনে আটক দুই কানাডিয়ান মাইকেল কভরিগ এবং মাইকেল স্পাভরের বিষয়ে সোচ্চার হয়েছেন। 

ও'টুল আরও বলেছেন, কানাডাকে অবশ্যই একটি অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের একা এটা করলে হবে না। আমাদের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।   

তিনি বলেন, যদি অলিম্পিক সরানো না হয়, তাহলে বয়কটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এদিকে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাড়া দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বিষয়টি কানাডিয়ান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দেখছে। আমরা অবশ্যই বিষয়টি গুরুত্বে সঙ্গে বিবেচনা করছি।

  

২০২২ সালের ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক হওয়ার কথা আছে। 

ইত্তেফাক/এসআর