কারাগারে থাকতে হচ্ছে নাভালনিকে

বার্লিন থেকে মস্কোয় ফেরামাত্র আটক হয়েছিলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। বর্তমানে তাকে মস্কোর অন্যতম কুখ্যাত কারাগারের একটি ভিআইপি সেলে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানা যায়। 

সংবাদ মাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, মস্কোর আপিল আদালত কারাগারের সাজা নিশ্চিত করার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্লক-জুড়ে অবস্থিত মাত্রোস্কায়া তিশিনা নামের এই কারাগারটি তাকে রাখা হয়েছে।

নাভালনি একটি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন, ‘আমি এটি সম্পর্কে (কারাগার) বইয়ে পড়েছি। আর এখন আমি এখানে আছি।’

মস্কোর পাবলিক মনিটরিং কমিশনের সদস্য অ্যালেক্সি মেলনিকভ বলেছেন, কোভিড-১৯ সতর্কতার কারণে তাকে অন্তত দুই সপ্তাহ একা রাখা হবে। সোমবার রাতে নাভালনির সঙ্গে দেখা করা মেলনিকভ জানান, তার কক্ষে একটি ফ্রিজ, একটি বৈদ্যুতিক কেটলি, টিভি এবং গরম পানি ছিল।

ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) দাবি অনুসারে নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা তার ক্লায়েন্টকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। মিখাইলোভা যুক্তি দিয়েছিলেন যে আটককালে নাভালনির জীবন ও স্বাস্থ্য বিপদজনক ছিল।

মনিটরিং কমিশনের আরেক সদস্য মারিনা লিটভিনোভিচ জানান, এই কেন্দ্রীয় ক্রেমলিন কারাগারের মূল নীতি হচ্ছে বন্দীদের তথ্য থেকে বিচ্ছিন্ন রাখা। মাঝে মাঝে আইনজীবীদের তাদের ক্লায়েন্টদের সঙ্গে দেখা করার বিষয়টি কঠিন হয়ে যায়। এছাড়া, যেসব বন্দি তদন্তে সহযোগিতা করতে চাই না তাদের চিকিৎসাসেবাও কখনো কখনো বন্ধ রাখা হয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। তিনি মস্কোয় ফেরামাত্র আটক বা গ্রেপ্তার হতে পারেন বলে আগেই ঘোষণা দিয়েছিল রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার কারা বিভাগ জানিয়েছিল, জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের জন্য মস্কোতে আসামাত্র নাভালনিকে কারাগারে পাঠানো হতে পারে।

ইত্তেফাক/এএইচপি