এই সময়ের ছড়া

বাংরেজি

 

ইংরেজি কি উঁচু দরের বাংলা কি তা নয়

ইংরেজিহীন বাংলা বলি ক্যামনে বলো হয়!

 

পাশের ফ্ল্যাটে শুনলে ভাবি স্ট্যাটাস থাকে আর

ইংরেজিতে ভাব আলাদা—ইট ইজ চমত্কার?

মাম্মি-ড্যাডি সব পরিজন গাঁওগেরামে বাস

বাংলা বলে লাভ জমে না ইংলিশে খাই ক্রাস!

 

বাংলা লিখি অ্যালফাবেটে যখন করি চ্যাট

হাই হ্যালো সব মেসেঞ্জারে অফলাইনে হয় ডেট।

বাংলা ক্লাসে বসলে আসে ঝিমুনি আর ঘুম

সহমতে হ্যাঁ বলি না এখন বলি হুম।

 

বাংলা খাবার বাংলা ফ্যাশন আদ্যিকালের সব!

হাতে আঁকাই নানান ট্যাটু চুলের কাটিং বব।

ছবি বললে সেকেলে হয় ফেসবুকে দেই পিক

ঠোঁট বাঁকিয়ে সেলফি তোলে লাইক পেতে চাই ঠিক।

 

শুদ্ধ করে বাংলা বলো ক’জন বলতে চায়

যুগের হাওয়া লাগলে পালে সময় কি বদলায়!

কী একটা যে চলছে এখন বলব কী কারবার

খিচুড়ি এক মিশেল ভাষায় জেনারেশন পার!

 

এই ছড়াটা বাংরেজি তাই চাইছি আমি মাফ

বাংলা ভাষায় কথা বলেন আমার মা ও বাপ।