যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি

এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সব যাতায়াত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার এ কথা জানিয়েছেন।

টুইটারে দেওয়া এক বার্তায় ব্লেয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভালো জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখব।’

মহামারি করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে। কোভিড-১৯ রোগে কানাডায় এ পর্যন্ত ২১ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।