ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে কালীগঞ্জ পৌরসভার শিবনগরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসরাফিল আড়পাড়া গ্রামের ওসমান আলির ছেলে। পুলিশ এ ঘটনায় শিবনগর গ্রামের রানা নামের একজনকে আটক করেছে। কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাতে রানা শিবনগর এলাকায় মানিক দাসের বাড়িতে ঢুকে মাতলামি করছিলেন। এ সময় মানিক দাসের স্ত্রী ও ছেলেকে মারধর ও গালাগালি করেন রানা। ইসরাফিল এসে রানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রানা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা ইসরাফিলের চিত্কার শুনে এগিয়ে এসে তাকে গুরুতর জখম অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রানাকে আটক করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত ডাক্তার মো. ইমতিয়াজ আলম জানান, হাসপাতালে আনার পর রানার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল।