কুমিল্লায় রাত্রিকালীন ‘পুলিশ- জনতার যৌথ পাহারা’ শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে শুক্রবার গভীর রাতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের উদ্যোগে ‘পুলিশ-জনতার যৌথ পাহারা’ কার্যক্রম শুরু করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নে পুলিশের সঙ্গে নিয়োজিত পাহারার দায়িত্বপালনকারী জনতাকে বিশেষ পোশাক, লাঠি, বাঁশি ও খাবারসামগ্রী বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, জনগণের সহযোগিতা ছাড়া যে কোনো অপরাধ পরিপূর্ণভাবে নির্মূল কিংবা কমিয়ে আনা সম্ভব নয়। অপরাধ নিবারণ ব্যবস্থাকে সু-সংহত করার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৮টি থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানসহ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থান নির্ধারণ করা হয়েছে।