গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের মিতুল হোসেন, টুঙ্গিপাড়া গ্রামের রসুল খান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে রাজিব শেখ। মামলা বিবরণে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে মেয়েটি কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিল। তিন জন বখাটে ইজিবাইক চালকের সহযোগিতায় তার চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে গণধর্ষণ করে। পরে রাতে অচেতন অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায়। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, মেয়েটির বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ও মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।