মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নারীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানাপুলিশ। সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেল স্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানাপুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।