শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলন ও ধীরেন্দ্রনাথ দত্ত’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গতকাল শনিবার সকালে স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অনুশীলনের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক প্রমুখ। বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধীরেন্দ্রনাথ দত্ত পরিবারের সদসদ্যদেরসহ নৃশংসভাবে শহিদ হন। তার স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয়ভাবে স্বাধীনতার ৫০ বছরেও তেমন কিছুই করা হয়নি। বক্তারা জাতীয়ভাবে শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।