চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মশার উত্পাত

একজন রোগীকে দেখতে গিয়েছিলাম চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। তখন সন্ধ্যা ছয়টা। অবাক হয়ে যাই মশার তীব্র উত্পাত দেখে। এত মশা আর কোনো হাসপাতালে আছে কি না জানি না। অনেক রোগী ও ভিজিটর এই বিষয়ে অভিযোগ করলেন। বাড়িঘরে মশার উত্পাত থাকে। কিন্তু একটি হাসপাতালে মশার এই যন্ত্রণাদায়ক উত্পাত হাসপাতাল-কর্তৃপক্ষের চরম উদাসীনতা মনে করি। একটি হাসপাতালে এই রকম মশা থাকতে পারে না। হাসপাতালটির পাশেই চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের উচিত ছিল মশার উত্পাত দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পরিশেষে, সিভিল সার্জন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কাছে বিনীত অনুরোধ—চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মশা দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম