ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ডেমরায় এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। তার নাম শারমিন আক্তার (১৭)। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে সারুলিয়া বক্সনগর এলাকায় ভাণ্ডারির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা শারমিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। প্রতিবেশীরা জানায়, রেদওয়ান নামে এক মাদকাসক্ত যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
বাড়িওয়ালার ছেলে তানভীর জানান, তাদের টিনশেড বাড়িতে শারমিনদের পরিবার এবং রেদওয়ানদের পরিবার বসবাস করে। রেদওয়ান মাদকাসক্ত। গতকাল বিকালে রেদওয়ান মাদক সেবন করার জন্য শারমিনের ঘরের জানালার পাশে যান এবং শারমিনকে জানালা বন্ধ করতে বলেন। এ নিয়ে রেদওয়ান ও শারমিনের মধ্যে বাগিবতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে রেদওয়ান বাসায় ঢুকে শারমিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শারমিনের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে রেদওয়ানকে আটক করে পুলিশে সোপর্দ করে।