স্কুলশিক্ষিকার বাড়িতে হামলা, আহত ৩

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মানসুরা আক্তারের বাড়িতে গতকাল সন্ত্রাসীরা হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চারিতালুক এলাকার সন্ত্রাসী আমিনুল ইসলাম বকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলাকারীরা দা, চাইনিজ কুড়াল, চাপাতি ও রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষিকা মানসুরা আক্তার, তার স্বামী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত স্বাস্থ্য সহকারী মীর মোশারফ হোসেন ও তার ছেলে তাজবিউল হাসান শোভন গুরুতর আহত হয়। হামলাকারীরা শিক্ষিকা মানসুরা আক্তারকে টানাহ্যাঁচড়া করে পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলে। বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষিকা মানসুরা আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।