হাতিয়ায় দুটি আগ্নেয়াস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় রামদাসহ সাত জলদস্যুকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চর থেকে এই দস্যু গ্রুপকে আটক করে কোস্ট গার্ড।

আটক জলদস্যুরা হলো, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হরি মজুমদারের ছেলে হরকুমার (৩৫), নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডারচর গ্রামের শফি উল্যার ছেলে মাইন উদ্দিন (৩৩), খুলনা জেলার মতলবগঞ্জ উপজেলার মো. নজরুলের ছেলে মো. বাবু (২১), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মুছাপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৩), নোয়াখালী জেলার সদর উপজেলার বেলাল নগর গ্রামের আবুল মালেকের ছেলে মাসুদ হোসেন (৩৩), লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আফজাল গ্রামের আবুল কালামের ছেলে দিদার উদ্দিন (২৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের আবুল গোফরানের ছেলে  আকবর (২২)।

হাতিয়া কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রঘুনাথ চন্দ্র জলদাস ও মকুল চন্দ্র জলদাস নামে দুই জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে দস্যুদের দেওয়া বিকাশ নম্বরে মুক্তিপণের ৪০ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে কোস্ট গার্ড প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের আটক  করে।