মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে আবারও গুলি চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুই জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বেচ্ছাসেবী জরুরি সেবা সংস্থা ‘পারাহিতা দারহি’র নেতা কো অং জানিয়েছেন, পুলিশের গুলিতে দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার মিয়ানমারের বেশ কয়েকটি শহরে অভ্যুত্থানবিরোধীরা রাস্তায় নেমে সেনা শাসনের অবসান ও এনএলডি নেত্রী অং সান সু চিসহ অন্য রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যসহ কবি, পরিবহন শ্রমিকরাও যোগ দেন।

মান্দালয়ের শিপইয়ার্ডের কর্মীরা বিক্ষোভ শুরু করলে অল্প সময়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা গুলতি ছুড়ে পালটা জবাব দেয়। এ সময় মাথায় আঘাত পাওয়ায় এক জনের মৃত্যু হয়। কো অং এবং এক জন ডাক্তার জানান, অন্য এক জনের বুকে গুলি লাগে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে আহত হওয়ার পর এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত এনএলডি পার্টিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত বিক্ষোভে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন। সেনা সরকার একটি নির্বাচনের পর বিজয়ীদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে অভ্যুত্থানবিরোধীরা সন্দিহান।