সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে। দিনক্ষণ ঠিক করে সরকার             পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি-না, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।