মঙ্গল থেকে প্রথম রঙিন ছবি পাঠাল নাসার ‘অধ্যবসায়’

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন রোভার ‘পারজিভারেন্স’ বা ‘অধ্যাবসায়’ মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণের পর প্রথমবার সেখানকার রঙিন ছবি পাঠিয়েছে। নাসা মন্তব্য করেছে, এই ছবি মানবজাতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। কারণ নতুন রোভারে অত্যাধুনিক ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি আছে। এর সাহায্যে সুচারুভাবে গবেষণা করা যাবে মঙ্গলে                  আদৌ প্রাণের অস্তিত্ব ছিল কি না। মিশনটির অবতরণকারী দলের নেতা অ্যারোন স্টেহুরা জানান, ছবিটি দেখার পর তিনি ও তার সহকর্মীরা বিস্ময় ও উল্লাসে ফেটে পড়েন। তিনি বলেন, ‘এরকম কিছু আমরা আগে কখনো দেখিনি।’ পারজিভারেন্স মঙ্গলের বিষুবরেখার কাছাকাছি বিশাল এক গহ্বরে নেমেছে। ঐ গহ্বর বা ক্রেটারের নাম দেওয়া হয়েছে জেজেরো। সেখান থেকেই গ্রহটিতে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেটি সন্ধান করা হবে।

নাসা জানিয়েছে, অবতরণের সময় মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না, তা নিশ্চিত হতে সব হার্ডওয়্যার পরীক্ষা করা হচ্ছে। বিজ্ঞানীরা ধীরে ধীরে রোভারটির সিস্টেমগুলো চালু করতে শুরু করেছেন। মঙ্গল মিশনের সঙ্গে সংশ্লিষ্টরা আদর করে এই রোভারটিকে ‘পারজি’ বলে ডাকছেন। পারজির ক্যামেরায় ধরা পড়া জেজেরো ক্রেটারের বিস্তারিত ছবিগুলো আগামী সপ্তাহে প্রকাশ করা হবে জানা গেছে। এই রোভারের সারফেস স্ট্র্যাটেজিক মিশন ম্যানেজার পলিন হোয়াং বলেছেন, ‘শনিবার রোভারটির যন্ত্রগুলো সফলভাবে সংযুক্ত হলে আমরা আরো অনেক ছবি পাব। আমরা রোভারটির একটি প্যানারোমা করব ও চারপাশের প্রাকৃতিক দৃশ্যের একটি পূর্ণাঙ্গ ছবিও নেব।’