আলজাজিরার লিংক বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে ফেসবুক-ইউটিউব

 ‘উচ্চ আদালতের নির্দেশনার পর আলজাজিরার লিংক বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ। গতকাল শনিবার আমাদের ইমেইল করে এমন কথাই তারা জানিয়েছে।’ ইত্তেফাককে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘এমন কিছু (আলজাজিরার প্রতিবেদন) আসতে পারে আমরা আগেই জানতাম। ফলে আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তখন ওরা বলেছিল, এভাবে প্রত্যেকটা কনটেন্ট মনিটর করা তাদের পক্ষে সম্ভব নয়। ওরা জানিয়েছিল,        আদালতের কোনো নির্দেশনা থাকলে তাদের জানাতে, তারা ব্যবস্থা নেবে। আমরা আদালতের নির্দেশের কপি পাঠিয়েছি, এখন ওরা বিষয়টি বিবেচনা করছে। আশা করি দ্রুতই তারা সিদ্ধান্ত জানাবে।’

এর আগে গতকাল দুপুরে বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মোবাইলে বাংলা মেসেজের খরচ অর্ধেক করা হয়েছে। অর্থাত্ এখন থেকে ২৫ পয়সায় বাংলায় এসএমএস করা যাবে। আপাতত গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা শনিবার থেকেই এই সুবিধা পাবেন। রবি ১৫ মার্চ ও বাংলালিংকের গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারেও একই তথ্য জানান মোস্তাফা জব্বার। টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা :চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএসের সভাপতি শহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বক্তব্য রাখেন।

বিটিআরসিতে আয়োজিত সেমিনারে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, রক্ত দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা। তিনি মোবাইলে বাংলা এসএমএসের মূল্য অর্ধেক করায় বিদেশি তিনটি মোবাইল কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার মাতৃভাষা হিসেবে বাংলাকে পৃথিবীর চতুর্থতম মাতৃভাষা হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবীর ৩৫ কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা।