চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

আনোয়ারা উপজেলার জয়কালী হাট এলাকায় ছুরিকাঘাতে আশরাফ উদ্দিন (২০) নামে এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন। নিহত আশরাফ নোয়াখালী জেলার মাইজদী এলাকার আবদুল্লাহর পুত্র। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শীলব্রত বড়ুয়া জানান, আনোয়ারা এলাকা থেকে রাত ১০টায় রক্তাক্ত অবস্থায় আশরাফকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। তিনি নগরীর বাকলিয়া এলাকায় অবস্থিত দিলারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আশরাফ তার পরিবারের সঙ্গে আনোয়ারা থাকেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘আনোয়ারায় ছাত্রলীগের নয়ন ও আসিফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। বিরোধের জের ধরে আসিফ গ্রুপের আশফাককে ছুরিকাঘাত করে নয়ন। নয়ন ও অসিফ—দুই জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী। নয়নকে গ্রেফতারের চেষ্টা চলছে।’