বিনোদন রিপোর্ট
আজ জাগো এফএম রাতাড্ডার বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন দুই বাংলার আলোচিত দম্পতি সৃজিত মুখার্জি ও মিথিলা। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জি দেশে এসে এই প্রথম স্ত্রী মিথিলার সঙ্গে কোনো রেডিও শোতে অংশ নিচ্ছেন।
টানা ২ ঘণ্টার এই সেলিব্রেটি শোতে উপস্থাপক তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় দু’জনের জীবনের নানা বাঁকবদলের গল্প বলবেন। সেই গল্পে উঠে আসবে প্রেম, নিজেদের ক্যারিয়ার, তাদের নিয়ে সমালোচনার জবাব ও ভবিষ্যত্ পরিকল্পনা। অনুষ্ঠানটির আয়োজন প্রসঙ্গে জাগো এফএম-এর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী বলেন, ‘এই শোটি আমাদের জন্য দারুণ এক আর্কাইভ হয়ে থাকবে। কারণ এর আগে তারা দুজন এত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা কখনো করেননি। রাতাড্ডা উইথ তানভীর শোটি এমনিতেই আমাদের স্টেশনের ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান। সৃজিত-মিথিলার এই সেশনটি আরো এক নতুনমাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’ অনুষ্ঠানটি আজ রাত ১০টায় জাগো এফএম ৯৪.৪-এ প্রচারিত হবে। এই অনুষ্ঠানটি মোট ৬টি ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে সর্বাধিক ১০ লক্ষ দর্শক-শ্রোতার সঙ্গে সংযুক্ত হবে।