প্রকল্প শেষের আগেই পরিত্যক্ত ড্রেন!

কুমিল্লা সিটি করপোরেশনের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ২০১৬ থেকে জাপানি উন্নয়ন সংস্থা (জাইকা)-র অর্থায়নে প্রায় ১০০ কিলোমিটার বক্স ড্রেন নির্মাণকাজ শুরু করে। ২০২০ সালের ডিসেম্বর ছিল প্রকল্প বাস্তবায়নের শেষ সময়। তবে এখনো বহুস্থানে রয়ে গেছে অসমাপ্ত ড্রেন। পাশাপাশি অসচেতন নগরবাসী ময়লা-আবর্জনা ড্রেনে ফেলার কারণে বেশ কিছু জায়গায় নির্মাণকাজের পরেও পানি নিষ্কাশন হচ্ছে না। কোথাও সড়কের ওপর ভবন, দোকান,  কোথাওবা বৈদ্যুতিক খুঁটি থাকায় নির্মাণকাজ অসমাপ্ত থাকার কথা বলা হচ্ছে। কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদাররা বিল তুলে নিয়েছেন বলে জানা যায়। এদিকে প্রতিটি বৈদ্যুতিক খুঁটি ওঠানোর জন্য বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে ক্ষতিপূরণ দিয়ে খুঁটি অপসারণের কাজ শুরু করা হলেও সেটা খুব ধীর গতিতে এগোচ্ছে। বেশ কিছু জায়গায় নির্মিত ড্রেনগুলো মাটি, বালু বা আবর্জনায় ভরাট হয়ে পরিত্যক্ত হয়ে গেছে। এই চিত্র নগরীর অশোকতলা জেলা খাদ্য অফিস সংলগ্ন, রেসকোর্স, রেলওয়ে অ্যাপ্রোচ রোড, বাদশা মিয়া বাজার, নজরুল অ্যাভিনিউ এলাকার। এর জন্য যতটা দায়ী সিটি করপোরেশন, তার চেয়ে বেশী দায়ী নগরবাসীর দায়িত্বহীনতা। পরিশেষে, ভরাট হওয়া ড্রেন সংস্কারসহ দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ড্রেনগুলো পানি নিষ্কাশনের উপযোগী করা হবে বলে আশা করি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০