কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

জেলার কোম্পানীগঞ্জে তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। রবিবার জেলায় কর্মরত সাংবাদিকরা নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। সমাবেশ চলাকালে সাংবাদিকদের দাবির সঙ্গে আইনজীবী, মানবাধিকার কর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েলসহ অন্যান্যরা। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে বসুহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।