বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিং শুরু আজ

ইত্তেফাক রিপোর্ট

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) নির্ধারণে নিলাম আজ সোমবার বিকাল ৫টায় শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম কমিশন সভায় বারাকা পতেঙ্গা পাওয়ারকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন উত্তোলন করে তারা সাবসিডিয়ারি কোম্পানি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগের পাশাপাশি আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে। এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

৩০ জুন ২০২০, সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুসারে, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) সম্মিলিতভাবে ২৩ টাকা আর এককভাবে ২০ টাকা ৯৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৩৭ পয়সা, এককভাবে যা ১ টাকা ৮৪ পয়সা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার। ২০০৭ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যাত্রা হয় বারাকা পাওয়ারের।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফি বলেন, সঞ্চালন লাইনের অপর্যাপ্ততার কারণে আমাদের দুটি সাবসিডিয়ারি বিদ্যুেকন্দ্র সম্পূর্ণরূপে উত্পাদনে যেতে পারছে না। তবে আগামী মে মাস থেকে আমরা সম্পূর্ণ উত্পাদনে যেতে সক্ষম হবো। এতে আমাদের কোম্পানির আয়ও বাড়বে।

 কোম্পানিটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো দেশ জুড়ে আরো বিদ্যুেকন্দ্র স্থাপনের মাধ্যমে বেসরকারি খাতের বৃহত্তম উত্পাদনকারী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। এজন্য আমাদের সাবসিডিয়ারিগুলোকে আরো লাভজনক করার প্রক্রিয়া শুরু করেছি।