ইনডেক্স অ্যাগ্রোর আইপিওতে আবেদন শুরু আজ

ইত্তেফাক রিপোর্ট

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আজ সোমবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৩ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি শেয়ার প্রতিটি ৫০ টাকা মূল্যে (প্রান্তসীমা থেকে ২০ শতাংশ বাট্টায়) ইস্যুর মাধ্যমে ২১ কোটি ৮০ লাখ ১৯ হাজার ২০০ টাকা তুলবে। আর বাকি ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি শেয়ার কাট-অব প্রাইজে অর্থাত্ ৬২ টাকা করে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ২৪ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা উত্তোলন করবে। এসব টাকা দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয় এবং আইপিও খরচ মেটানো হবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ নিট সম্পদমূল্য ৪৫ দশমিক ০৩ টাকায় দাঁড়িয়েছে এবং বিগত পাঁচ বছরের অর্থবছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ দশমিক ০৭ টাকা।