কুমিল্লা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন (৭০) আর নেই। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ৮টায় কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও ব্যক্তি জীবনে নিঃসন্তান জাকির হোসেন বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। রবিবার কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের নামাজে জানাজা হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশ নেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকালে নগরীর টমছমব্রিজ নগর কবরস্থানে দাফন করা হয়।