আলোচনাসভায় পিএসসির চেয়ারম্যান
ইত্তেফাক রিপোর্ট
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের জন্য বার বার কারাবরণ করেছেন। তিনি ভাষা আন্দোলনের ঊষালগ্নের মহানায়ক। বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজেদের কাজগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি তবেই ভাষাশহিদদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যথাযথ মর্যাদা দেখানো হবে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার পিএসসিতে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়। ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কমিশনের সদস্য আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতেই ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিশনের সদস্যগণ এবং সর্বস্তরের সব কর্মকর্তা/কর্মচারী উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কমিশনের সদস্যগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার তাত্পর্য যথাযথভাবে তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করেন।