সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ড সব পুড়ে ছাই

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আঙ্গারিয়াতে নয়াডিঙ্গি গ্রামের প্রবাসী আব্দুর রশিদের পরিষদের ভাড়া বাড়িতে এমনটি ঘটে। আগুনে  পরিষদ কার্যালয়সহ ভেতরে থাকা সব আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে গ্রামের শত শত লোক  এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিষদের চেয়ারম্যান থানা বিএনপি সেক্রেটারি দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। পাশের বিল্ডিংয়ের মালিক মোস্তাক হোসেন দোতলা থেকে আগুন দেখতে পেয়ে মসজিদের ইমামকে জানানো হয়। এরপর ইমাম মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের শত শত লোক জড়ো হয়ে পানি ঢেলে আগুন নেভাতে সাহায্য করে। আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো কুচক্রি মহল অসত্ উদ্দেশ্যে এমনটা ঘটাতে পারে বলে অনেকে মনে করছে।