ভারতীয় টি-২০ দল
স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। গত শনিবার ঘোষিত দলে নতুন মুখ তিনটি। আইপিএলের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব, ইশান কিশান ও রাহুল তেওয়াতিয়া। তিন জনই আইপিএলের গত আসরের শীর্ষ পারফরমার।
টি-২০ দলে ফিরেছেন রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, রিশাভ পান্ত, ও বরুণ চক্রবর্তী। দল থেকে বাদ পড়েছেন মনীশ পান্ডে, সাঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগারওয়াল। জাসপ্রিত বুমরাহও নেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শেষ তিন আসরের ধারাবাহিক পারফরমার সূর্যকুমার। সবশেষ আসরেও ৪৮০ রান করেছিলেন। তারপরও অস্ট্রেলিয়া সফরে তার জায়গা না হওয়ায় অবাক হয়েছিলেন অনেকে। এবার ঘরের মাঠে কাঙ্ক্ষিত সেই সুযোগটা পেলেন সূর্যকুমার। মুম্বাইয়ের হয়ে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান কিশানও ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৫১৬ রান করেছিলেন ২২ বছর বয়সি এ বাঁহাতি ব্যাটসম্যান। টি-২০ দলে ডাক পাওয়ার পরই বিজয় হাজারে ট্রফিতে ৯৪ বলে ১৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কিশান। পাঞ্জাবের সার্জিতে বাজিমাত করেছিলেন তেওয়াতিয়া। লোয়ার অর্ডারে নেমে ৮ বলে ৬ ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি। ২৭ বছর বয়সি এ ক্রিকেটার লেগ স্পিনেও নিয়েছেন ১০ উইকেট। তাই এ অলরাউন্ডারের ডাক পাওয়াটা প্রত্যাশিতই বটে। সিরিজের পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-২০ ম্যাচ। পরে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
n ভারতীয় টি-২০ দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শেখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিশান, যুজবেন্দ্র চেহেল, বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটরাজন, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, নবদিপ সাইনি ও শার্দুল ঠাকুর।