আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শনিবার রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির পক্ষে একত্রে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ, ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবু্দ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ। পরে মহানগর আওয়ামী লীগ, পুলিশ সুপার, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকালে সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনার।
ববি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীর সূর্যসন্তান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে একটি শোক র্যালি বের হয়।