যুক্তরাষ্ট্রে মধ্য আকাশেই একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার আকাশ থেকেই বিমানের বিভিন্ন যন্ত্রাংশ খুলে খুলে পড়ে। ১৫ হাজার ফুট ওপরে এই আগুন ধরার ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে। খবর ডেইলি মেইলের
ডেনভার থেকে হনলুলুগামী ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৩২৮-এ ২৩১ জন যাত্রী এবং ১০ জন পাইলট ও সহকারী পাইলট ছিলেন। বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর আবার ডেনভারে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে। ধোঁয়া বের হতে শুরু করেছে সেখান থেকে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানটি অবতরণের পরে এক যাত্রী জানান, চোখের সামনে ঐভাবে বিমানটিকে ধ্বংসের মুখে পড়তে দেখে তিনি জীবনের মায়া ত্যাগ করেছিলেন। কেননা ইঞ্জিনে বিস্ফোরণের পরে বিমানটি ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছিল। আমি আমার স্ত্রীর হাতটা ছুঁয়ে বলেছিলাম যে, আমাদের সময় শেষ; কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপত্তিই ঘটেনি। ডেনভারে ফেরত গিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে নামার আগে বিমানের কিছু অংশ ভেঙে বিভিন্ন এলাকায় বাড়ির ছাদে এবং রাস্তায় পড়ে। নিরাপত্তা বাহিনী এসব এলাকায় গিয়ে বিমানের যন্ত্রাংশগুলো উদ্ধার করে। বিমান সংস্থার পক্ষে জানানো হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে—কী কারণে ইঞ্জিনে আগুন লেগেছিল। সেই কারণে টুইট করে সবার কাছে বিমান সংস্থা আবেদন জানিয়েছে, কেউ যেন পড়ে যাওয়া যন্ত্রাংশে হাত না দেয় এবং ঐ জায়গা থেকে না সরায়।