জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। এবার শিরোনামে এসেছেন বিয়ে করে। নিজেই বিয়ে করার ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন সেই খবর; কিন্তু নাসির যে আরেক জনের বউকে বিয়ে করে ফেলেছেন! সেই খবরই এখন ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সপ্তাহ খানেক আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। কেবিন ক্রু তামিমা তাম্মির সঙ্গে প্রেম করে বিয়ে করেন। ১৭ ফেব্রুয়ারি ছিল গায়ে হলুদ। ১৮ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে হয় বিবাহোত্তর সংবর্ধনা; কিন্তু এখন রাকিব হাসান নামে তামিমার সাবেক স্বামী দাবি করা এক ব্যক্তি অভিযোগ করেন, ‘তাদের বিবাহ বিচ্ছেদই হয়নি এখনো। অথচ এখন শুনতে পাচ্ছি নাসির নাকি আমার স্ত্রীর স্বামী।’ রাকিব হাসান এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও (সাধারণ ডায়ারি) করেছেন। উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিব হাসান দাবি করেন, ‘আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি এখনো। তার আগেই নাসিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তামিমা।’ রাকিব এরই মধ্যে জিডির কপি এবং তাদের কাবিনের কপি সংবাদ মাধ্যমের কাছে সরবরাহ করেছেন। নাসির-তামিমার বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দৃশ্যপটে এসে হাজির হলেন তামিমার প্রথম স্বামী রাকিব। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাসির এবং রাকিবের কথোপকথনের একটি অডিও ক্লিপ। ঐ কথোপকথন থেকেই তামিমার প্রথম বিয়ের সত্যতা মেলে। নাসিরও স্বীকার করেন, সবকিছু জেনেই তামিমাকে বিয়ে করেছেন তিনি।