বাংলাদেশের টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজ টি-২০ লিগ আইপিএল খেলবেন সাকিব আল হাসান। দেশের হয়ে খেলার সুযোগকে উপেক্ষা করায় সমালোচিত হয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার। এবার চলতি বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লাল বলের খেলা টেস্ট থেকে বাদ পড়তে পারেন তিনি। আজই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।
গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকার খসড়া ইতিমধ্যে তৈরি করেছেন নির্বাচকরা। সেখানে লাল বলের ফরম্যাটের জন্য সাকিবের নাম সুপারিশ করা হয়নি। সূত্র জানায়, আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে নিউজিল্যান্ডগামী দলের কর্মকর্তাদের মিটিং হবে। সেখানে উঠে আসবে সাকিবের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ আরো অনেকে উপস্থিত থাকতে পারেন বোর্ড সভাপতির সঙ্গে আজকের মিটিংয়ে। সেখানেই লাল বলের চুক্তিতে সাকিবকে না রাখার সিদ্ধান্তই আসতে পারে।