নগরীর একটি ছাত্রাবাসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরীর মতিহার থানার লোটাস ছাত্রাবাসের নিজ রুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ঐ শিক্ষার্থী। এ সময় ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রুয়েট শিক্ষার্থী সাক্ষর সাহা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর সদরে।
নগরীর মতিহার থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, সাক্ষর অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বাভাবিক নিয়মে নিজ রুমে ঘুমিয়ে পড়েন। শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার দুপুরে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা দরজা ভেঙে তাকে রুমের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা সাক্ষরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।