নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছাকাছি সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন। দেশটির বিমান বাহিনীর অন্যতম মুখপাত্র ইবিকুনলে দারামোলা বলেন, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়। মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে। দারামোলা বলেন, দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন। -বিবিসি