নেশার টাকা না পেয়ে মা, বাবা ও বোনকে কুপিয়ে জখম করেছে এক নেশাসক্ত ছেলে। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত আকবরের ছোট ভাই উজ্জল হোসেন বাদী হয়ে ইমন আলী (২৫) ও তার স্ত্রী মেরিনাকে (২২) অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মেরিনাকে আটক করেছে।
গুরুদাসপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, ‘আহতদের সকলের অবস্থা গুরুতর। বৃদ্ধ আকবর হোসেনের মাথায় এবং শরীরে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। এছাড়া অপর দুই আহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে। এ কারণে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত ইমন আলী বেড়গঙ্গারামপুর গ্রামের আকবর আলী ছেলে। ইমন মাদকাসক্ত। সে ঘটনার দিন সকালে সে তার বাবার কাছে নেশার টাকা চায়। কিন্তু বাবা আকবর আলী টাকা দিতে অস্বীকার করলে স্ত্রী মেরিনার সহযোগিতায় তাকে হাঁসুয়া দিয়ে এলাপাথারিভাবে কোপানো শুরু করে। এ সময় মা বিউটি বেগম ও বোন এ্যানি খাতুন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে।
আরও পড়ুনঃ বাবাকে হারানোর দুই দিন পর মাকেও হারালো ২ শিশু
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ইমন আলীর স্ত্রী মেরিনাকে আটক করা হয়েছে। ইমনকেও আটকের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু