সাদুল্লাপুরে আগুনে পুড়ে গেছে অর্ধ কোটি টাকার সম্পদ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবলু চন্দ্র সাহা ও ব্যবসায়ী গৌতম চন্দ্র সাহার বাড়িঘর বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে গেছে। এতে তার অর্ধ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ জানায়, ‘উপজেলা সদরের সরকারী কলেজ সংলগ্ন উত্তর সাহাপাড়াস্থ বাবলু সাহার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন সব ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।’

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আমিরুল ইসলাম জানান, ‘আগুনে পরিবারটির দুই ভাইয়ের দুটি রান্নাঘর, ২টি আধাপাকা বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে।’

তবে ক্ষতিগ্রস্ত সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবলু চন্দ্র সাহা জানান, ‘তার ছোট ভাই গৌতম চন্দ্র সাহার সাদুল্লাপুর বাজারে ৩টি রেডিমেড কাপড়ের দোকান আছে। এছাড়া তিনি একই বাজারে ঢেউটিনসহ হার্ডওয়ারের ব্যবসা করেন। প্রতিদিনের কেনা বেচার টাকা রাতে ব্যাংকে জমা রাখা সম্ভব হয় না। তাই বাড়িতে টাকাগুলো রাখা হয়।’

আরও পড়ুনঃ রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখালের মৃত্যু

তিনি দাবি করছেন, এই আগুনে তার ১০ লক্ষাধিক নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইত্তেফাক/নূহু