হঠাত্ সাকিব-শ্রাবন্তী!

 

ফেসবুকের কল্যাণে কোনো ছবি কেউ আপলোড করলে বোঝা মুশকিল তিনি দেশে না বিদেশে। কারণ শোবিজ তারকারা অনেকেই এখন ইউরোপ আমেরিকায় নিজেদের অবস্থান গড়েছেন। সেই তালিকায় এক সময়েরর তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবন্তীও রয়েছেন। খুব সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। এসেই বিশ্বখ্যাত ক্রিকেটতারকা সাকিব আল হাসানের সাথে একটি ছবি পোস্ট করলেন।

এ প্রসঙ্গে শ্রাবন্তী ফোনে প্রতিবেদককে জানালেন, ‘সাকিবের সাথে আমার এর আগে কখনও দেখা হয়নি। স্বাভাবিক ভাবেই আমি ওর ভক্ত। তবে ও যে আমাকে চেনে এটা ভাল লাগার বিষয়। অবশ্যই দেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব আল হাসান। আর ক্রিকেটীয় বিতর্কে সাকিব কি করলো, কী করা উচিত ছিল। আমি বাবা ঐসব তর্কের ভিতরে নাই। আমার ভাল লাগে ছেলেটার খেলা। একটি ঘরোয়া আয়োজনে দেখা হলো তাই ছবি তোলা।’

তবে দেশে ফিরে কোনো নতুন টিভিসি বা নাটকে কাজ করবেন কি না জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘একদমই ইচ্ছে নেই। কারণ আমি পারিবারিক কিছু কাজে এসেছি ঢাকায় অল্প কিছুদিনের জন্য। খুব জলদিই আবার নিউইয়র্ক ফিরে যাবো।’

এদিকে নিউইয়র্কে সন্তানদের দেখাশোনার পাশাপাশি আইন পেশায় উচ্চতর ডিগ্রী নিচ্ছেন শ্রাবন্তী। তারই সনদ হাতে পাবেন খুব জলদি। এদেশে প্রায় সকল শীর্ষ নির্মাতার কাজ করেছেন শ্রাবন্তী। সেই পরিচয় আর সম্পর্কের সূত্রে নতুন কোনো নাটকের অফার বা টিভিসিতে কাজ করা হবে কিনা জানতে চাইলে আবারও শ্রাবন্তী বলেন, ‘নাটকের কথা তো বলেছেন অনেকে। আসলে ঐ মনোযোগটা এখন দিতে পারবো না। এরপরে হয়ত আসলে সেই সময় প্রস্তুতি নিয়ে আসব।’