‘নিজেকে নতুনরূপে দেখতে ভালোই লাগে’

 

বলিউড তারকা কৃতি শ্যানন এরইমধ্যে নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করে বেশ প্রশংসার পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি বরুণ ধাওয়ানও ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এই তারকা জুটিকে এবার ‘ভেদিয়া’ নামের একটি হরর সিনেমায় দেখা যাবে। দিনেশ বিজনের প্রযোজনা ও অমর কৌশিকের পরিচালনায় এই সিনেমাটিতে হিরো-হিরোইন রূপের বাইরে কৃতি-বরুণকে দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা। আর সেই উচ্ছ্বাসের পাল্লায় জোর হাওয়া লাগলো সিনেমাটি মুক্তির খবর প্রকাশ্যে আসায়।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল পর্দায় দেখা যাবে কৃতি-বরুণের ‘ভেদিয়া’। মুক্তির তারিখ ঘোষণায় উচ্ছ্বসিত বরুণ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের প্রতীক্ষিত সময়ের অবসান ঘটতে যাচ্ছে। ১৪ এপ্রিল নতুন চমক নিয়ে আসছি। উত্তেজনার পারদ যেন আরো বেড়ে গেল। ক্যারিয়ারে নতুন এক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ভালো কিছুর জন্য একটু সময় তো দিতেই হবে। অপেক্ষা করুন।’

সিনেমাটিতে অভিনয় ও মুক্তি প্রসঙ্গে কৃতি বলেন, ‘আমি সবসময়ই নিজেকে ভাঙার চেষ্টা করি। নিজেকে নতুনরূপে দেখতে ভালোই লাগে। এটা তারই একটা অংশ। হরর সিনেমায় নিজেকে ফুটিয়ে তোলা অনেক বেশি চ্যালেঞ্জের। আমি আর বরুণ সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি সিনেমাটি পর্দায় দেখার।’