নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সেনবাগ পৌরশহরের থানার মোড়ে মানববন্ধন করেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সাংবাদিক সাখাওয়াত উল্যা, মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা জানান, সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। রবিবার বিকেলে চাটখিল প্রেসক্লাব ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুজাক্কির গুলিবিদ্ধ হন এবং শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।