বাংলা সনের তারিখে চেক জমা নিল জনতা ব্যাংক

যে কোনো ব্যাংকে চেক জমা দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বর্ষের তারিখ লেখা বাধ্যতামূলক হলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে কুমিল্লার তিতাসের বাতাকান্দি জনতা ব্যাংক শাখায়। সোমবার ঐ ব্যাংকের ম্যানেজার বাংলা সনের তারিখ লেখাসংবলিত চেকটি গ্রহণ করেন। জনতা ব্যাংক বাতাকান্দি শাখার ম্যানেজার মো. জসিম উদ্দিন জানান, গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সায়মুম তার একটি চেক ৯ ফাল্গুন ১৪২৭ বাংলা লিখে এই শাখায় জমা দেন। চেকে ইংরেজি বর্ষের তারিখ লেখা না হলে মূলত ব্যাংক গ্রহণ করে না। তবে বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করি। তাদের নির্দেশনা মোতাবেক আমি চেক গ্রহণ করি।   প্রভাষক মাহফুজুল ইসলাম সায়মুম বলেন, মাতৃভাষার সঙ্গে বাংলা বর্ষের একটি গভীর বন্ধন রয়েছে। তাই আমি বাংলা বর্ষের তারিখ উল্লেখ করে চেকটি ব্যাংকে জমা দেই।