পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

অতীতের বছরগুলোর মতো এবারও ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ মার্চ থেকে এনবিআরের এ আলোচনা শুরু হচ্ছে। পুরো মার্চ মাস জুড়ে চলবে এ আলোচনা। এপ্রিল মাসেও কিছু আলোচনা হবে। এর বাইরে অর্থ মন্ত্রণালয়ও আলোচনা করবে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত বছর মাত্র এক দিন আলোচনা করতে পেরেছিল এনবিআর। এরপর পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আর তা সম্ভব হয়নি।

এবার ইতিমধ্যে প্রাক-বাজেট আলোচনার একটি শিডিউল তৈরি করেছে এনবিআর। প্রথম দিন বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সভার মাধ্যমে আলোচনা শুরু হবে। দুই মার্চ দুই দফায় বারভিডা ও ফরেন ইনভেস্টরস চেম্বার (এফআইসিসিআই), ৩ মার্চ সকালে বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ও বিকালে বিসিআই, ডিসিসিআই এবং ময়মনসিংহ বিভাগের সব চেম্বার। ৪ মার্চ সকালে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, লিজিং ও মার্চেন্ট ব্যাংক ছাড়াও ডিএসই এবং সিএসই; বিকালে ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব), ৬ মার্চ রংপুরে ঐ বিভাগের সব ব্যবসায়ী চেম্বার, ৯ মার্চ সকালে বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার, উইমেন চেম্বার, ওয়েন্ড, এটিএমএ এবং বাংলাদেশ চায়না চেম্বার আর বিকালে এমসিসিআইয়ের সঙ্গে আলোচনা। ১০ মার্চ অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সংগঠন এবং বিকালে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ; ১১ মার্চ দিনব্যাপী চট্টগ্রামে সেখানকার বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা হবে। এছাড়া ১৪ মার্চ সকালে বিজিএপিএমইএ, বিপিজিএমইএ এবং বিকালে হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও বিবিধ সেবা, কাগজ, মুদ্রণ, প্রকাশনা ও চলচ্চিত্র, বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ১৬ মার্চ সকালে বেজা, বিডা, বেপজা, বিল্ড ও এফবিসিসিআই এবং বিকালে নির্মাণ ও অন্যান্য শিল্প ও ব্যবসা খাত এবং ১৮ মার্চ সকালে খুলনার বিভাগীয় প্রধান চেম্বারের সঙ্গে সভা। ২১ মার্চ সকালে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, কর আইনজীবী, ইনডেনটরস, আইসিএমএবি, আইসিএবি আর বিকালে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাত, ২৩ মার্চ সকালে সব ধরনের পরিবহন খাত, বিকালে ইলেকট্রনিক মটর পাম্প আমদানিকারক, কৃষি মেশিনারি ব্যবসায়ী সমিতি, চা সংসদ ও এসএমই ফাউন্ডেশন, ২৪ মার্চ লুব ব্লেন্ডার, পেপার মিল্স, মেরিন ফিশারিজ, বিএলডিএ ও ঔষধশিল্প মালিক সমিতি ও বিকালে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সঙ্গে সভা। ২৫ মার্চ সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আর বিকালে সিগারেট খাত ছাড়াও বেভারেজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমটবের সঙ্গে আলোচনা। ২৮ মার্চ কৃষি ও রাসায়নিক খাত, ৩০ মার্চ সিলেটে সেখানকার ব্যবসায়ী চেম্বার, ১ এপ্রিল রাজশাহীর বিভাগীয় প্রধান প্রধান চেম্বারের সঙ্গে আলোচনা হবে। এছাড়া এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সমন্বয়ে পরামর্শক কমিটির সভা হবে। তবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।