এমবাপেদের মাটিতে নামিয়ে আনল মোনাকো

বার্সেলোনাকে তাদের নিজেদের ডেরায় উড়িয়ে দিয়ে এসে এবার ঘরের মাঠে হেরে বসল পিএসজি। রবিবার পার্ক দি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ০-২ গোলে হেরেছে মউরিসিও পচেত্তিনো দল। ওদিকে প্রিমিয়ার লিগে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

কয়েক বছর আগেও পিএসজির বিপক্ষে মোনাকোর জয়কে এভাবে ‘অঘটন’ হিসেবে দেখা হতো না। কেননা, সাম্প্রতিক সময়ে পিএসজির আধিপত্যকে পাশ কাটিয়ে একটি দলই লিগ শিরোপার দেখা পেয়েছে। কিন্তু গত দুই মৌসুমে মোনাকোর অধঃপতনের জন্য অনেকটাই রং হারিয়ে ফেলেছিল পিএসজি-মোনাকো দ্বৈরথ। রবিবার আবার সেই রং ফিরিয়ে আনলো নিকো কোভাচের দল। সোফিয়ান দিয়প ও গিয়েরমো মারিপানের গোলে এদিনে ২-০ ব্যবধানের কর্তৃত্বপূর্ণ জয় পেয়েছে মোনাকো। পুরো ৯০ মিনিটে কিলিয়ান এমবাপেরা মোনাকোর গোলপোস্ট অভিমুখে শট নিতে পেরেছে মাত্র একটি। এই পরাজয়ে আবার টেবিলের তিনে নেমে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর তাদের ঠিক নিচে, চতুর্থ স্থানে অবস্থান করছে নিকো কোভাচের মোনাকো।

এদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ওলে গুনার সোলসারের দল। ইউনাইটেডের হয়ে গোল পেয়েছেন মার্কাস রাশফোর্ড, ডেনিয়েল জেমস ও ব্রুনো ফার্নান্দেজ (পেনাল্টি)। আর ম্যাচের দ্বিতীয় মিনিটে করা রহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে আর্সেনালকে তাদের ঘরের মাঠে ০-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে লেস্টার সিটিও। জেমস ম্যাডিসন ও হার্ভি বার্নসের গোলে অ্যাস্টন ভিলাকে তাদের ঘরের মাঠে ১-২ ব্যবধানে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের দল। নিজেদের ম্যাচে জিতে লেস্টার ও ইউনাইটেড শিরোপার লড়াইয়ে থাকলেও শীর্ষস্থানে অটুট থাকছে সিটি। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড, লেস্টারের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে সিটি (৫৯)।