বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে পুলিশ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচে ছয় গোল দেখল দর্শক। কিন্তু জয় দেখল না কেউ। পুলিশ-জামালের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। গোল আর পালটা গোলের ম্যাচ বাড়তি আনন্দ দিয়েছে। কিন্তু ম্যাচ জিততে না পারার বেদনা জামালের মনে।
শেখ জামাল ৪-২ গোলে শেখ রাসেলকে হারানোর পর কাল পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবকয়টি ড্র হয়েছে। আবাহনী, বসুন্ধরা কিংস, উত্তর বারিধারার পর কাল পুলিশের সঙ্গে ড্র করে টানা চার ম্যাচ ড্র করে চার পয়েন্ট পেল শেখ জামাল। ৯ খেলায় ৫ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তৃতীয় স্থানে শেখ জামাল।
পুলিশ আছে আট নম্বরে। তাদের অবস্থাটা আরেক রকম। এক ম্যাচ ড্র হলে আরেক ম্যাচ হারে। এভাবে কেটে গেল শেষ পাঁচ ম্যাচ। দুই জয়ের সঙ্গে তিন ড্রয়ে পয়েন্ট মাত্র ৯। গতকাল জামালের বিপক্ষে পিছিয়ে থেকে ম্যাচ ড্র করেছে। শেখ জামাল তিন বার গোল করে এগিয়েও ম্যাচ জিততে না পারার বেদনা নিয়ে স্টেডিয়াম ছেড়েছে। ১০ মিনিটে গাম্বিয়ান ওমর জোবের গোলে এগিয়ে যায় জামাল ১-০। পুলিশের কিরগিজ ফুটবলার আখিমভ গোল শোধ করেন ১-১। জামালের ওতাবেক গোল করেন ২-১। পুলিশের অধিনায়ক আইভরিকোস্টের ফুটবলার ফ্রেডরিক পুডা সমতা আনেন ২-২। দ্বিতীয়ার্ধে গাম্বিয়ান সলোমন কিং গোল করে এগিয়ে দেন ৩-২। এবারও পুলিশের জুয়েল গোল করে সমতা আনেন ৩-৩।
রাতে অনুষ্ঠিত অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা-ব্রাদার্স গোলশূন্য ড্র করেছে।
আজকের খেলা : রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনী, ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।