সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজি মো. নাজিম উদ্দিনকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে নাজিম উদ্দিনের মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ঐ ব্যবসায়ী শনিবার পরিবারের নিরাপত্তা চেয়ে সাভার থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার রাত ১টা ৮ মিনিটে তার ফোনে ০১৭৯১২৪১০০২ নম্বর থেকে কল এলে তার ঘুম ভেঙে যায়। প্রথমবার কল রিসিভ করতে না পারলেও দ্বিতীয়বার তিনি কল রিসিভ করেন। তখন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ব্যবসায়ী নাজিমউদ্দিন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে লাইন কেটে দেন। এ ব্যাপারে ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, ঐ ব্যক্তির কণ্ঠস্বর কিংবা মোবাইল নম্বর তার পরিচিত নয়। কিন্তু কোন উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হলো তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।