সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার স্বামী মোটরসাইকেল চালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায়। নিহতের নাম সালমা আক্তার। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার সাহেবেরচর গ্রাম।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, দুপুরে আব্দুস সালাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সাভার থেকে ঢাকা সিএমএইচ যাচ্ছিলেন। তারা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সালমা আক্তার ছিটকে রাস্তায় পড়ে। এ সময় বাসটি ঐ নারীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সাভার হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম বলেন, মরদেহটি তার স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।